টাঙ্গাইলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযান
অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শনে গাফিলতির কারণে চারটি দোকানকে জরিমানা২৫ হাজার, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান অব্যাহত।
টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, অবৈধ মজুদ প্রতিরোধ, এবং বাজারে পণ্যের সরবরাহ সঠিকভাবে বজায় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানটি পরিচালিত হয় টাঙ্গাইল পৌর শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পার্ক বাজারে। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করা এবং মজুদদারির মতো বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করা।
অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার। অভিযানে কয়েকটি দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি ও নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। চারটি দোকানকে জরিমানা করার পাশাপাশি, আরও কিছু দোকানের মালিককে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ না করার জন্য।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মো. রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার মো. মোহাইমিনুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল শাখার উপ-পরিচালক এবং টাস্কফোর্সের সদস্য সচিব শাহীনুর আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এবং টাস্কফোর্সের সদস্য আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহীনুর আলম জানান, বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার রক্ষা করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।



