টাঙ্গাইলের সাবেক চেয়ারম্যান শাহজাহান আনছারী গ্রেপ্তার
আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী গাজীপুর থেকে গ্রেপ্তার ।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারীকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের উত্তর ছায়া বীথি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় জেলা গোয়েন্দা পুলিশের সহায়তা নেয়া হয়।
৬৫ বছর বয়সী শাহজাহান আনছারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া কলেজ পাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলটি বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে মিছিলে হামলা চালানো হয়। হামলার সময় ছোড়া গুলিতে লাল মিয়া নামের এক ব্যক্তির বাম পায়ে আঘাত লাগে। এ ঘটনায় গত ৩১ আগস্ট লাল মিয়া বাদি হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। শাহজাহান আনছারী এই মামলার ৮ নাম্বার আসামি।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, শাহজাহান আনছারী ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাকে ৩ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।



