নিখোঁজের ৩ মাস পর সৌদি প্রবাসী উদ্ধার

টাঙ্গাইলে তিন মাস নিখোঁজের পর সৌদি প্রবাসী মো. আক্কাস আলীকে (২৮) ঢাকার গুলশান-২ থেকে উদ্ধার করেছে ডিবি (পুলিশ দক্ষিণ)।
সম্প্রতি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমরি রায় (বিপিএম)
এ সময় তিনি সাংবাদিকদের জানান, গত ২৫ জুন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৈয়ামধু গ্রামের মো. জাবেদ আলীর ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস আলী তার নিজ বাসায় আসেন। ২৬ জুন সৌদি থেকে নিয়ে আশা বন্ধুর মালামাল দেয়ার জন্য সখিপুর থেকে টাঙ্গাইল সদর তারটিয়া ভাতকুড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে যান তিনি। এরপরই নিখোঁজ হন তিনি।
পরে ২৭ জুন এ ব্যাপারে অপহৃতের বাবা টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। যার নং ১৩৪০। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ২৮ জুন সৌদি প্রবাসীর বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল। তবে নিখোঁজ আক্কাসের কোনো সন্ধান না পেয়ে আক্কাসের বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১৩।
গত ৯ জুলাই ৩৬৫-৩৪ ধারায় মামলা দায়ের করেন। ভিকটিমের নিখোঁজের বিষয়টি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় মামলাটি ঢাকা রেঞ্জ মনিটরিং সেলের আওতাভুক্ত হইলে ঢাকা রেঞ্জের ডিআইজি মামলাটি তদন্তভার ডিবির একজন দক্ষ কর্মকর্তা উপর তদন্তের দায়িত্ব দেয়ার জন্য টাঙ্গাইলে পুলিশ সুপারকে নির্দেশ দেন।
পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও অভিযান পরিচালনা করে অপহৃত আক্কাস আলীকে জীবিত অবস্থায় ঢাকা গুলশান-২ থেকে উদ্ধার করা হয়।
পরিবার জানিয়েছে, আক্কাস আলীকে উদ্ধার করা হলেও স্বাভাবিক অবস্থায় নেই। এই তিন মাসে তার উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। এমনকি সে কারো সাথে কথাও বলতে পারছেন না। বর্তমানে তার চিকিৎসা চলছে।
অপহরণকারীরা আক্কাসের পায়ের নখ তুলে ফেলেছে। ওই সময় খাবার দেওয়া হতো দুইদিন পরপর। অন্ধকার ঘরে রাখা হয়েছিল তাকে। এমনকি তার শরীরে বেশ কয়েক স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে পরিবার জানিয়েছে।



