শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল প্রকাশ ১০ আগস্ট

ফল সংগ্রহ ও অনলাইনে দেখার পদ্ধতি পরে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এতে আরও জানানো হয়, ফল সংগ্রহ ও অনলাইনে ফল দেখার বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন

এদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের অনলাইন ও অন্যান্য নির্ধারিত মাধ্যমে ফল সংগ্রহের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button