আইন-আদালতবাসাইল

বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

ধানের চারা রোপণের শ্রমিক পরিচয়ে এসে রাতের আঁধারে নৃশংস হত্যাকাণ্ড — এলাকায় চরম আতঙ্ক

স্টাফ রিপোর্টার | তৃণমূলের কথা |২৭ জানুয়ারি, ২০২৬

টাঙ্গাইল (বাসাইল): টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বৃদ্ধ দম্পতিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)

নিহতের নাতি শাকিল সিকদার জানান, গত রবিবার (২৫ জানুয়ারি) ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামে দুইজন অজ্ঞাত শ্রমিককে আনা হয়। মোতাহার সিকদারের পায়ে প্রচণ্ড ব্যথা থাকায় তারা কবিরাজি ওষুধ খাওয়ান। সোমবার রাতে শ্রমিকদের ঘরের বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা হয় এবং বৃদ্ধ দম্পতি ঘরের ভেতরে অবস্থান করেন।

রাতের কোনো এক সময় ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। পরে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।

সকালে পরিবারের লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন,

“দুইজন অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ বলেন,

“ধানের চারা রোপণের জন্য দুইজন শ্রমিক আনা হয়েছিল। ঘটনার পর থেকে তারা পলাতক। হত্যাকাণ্ডের ঘটনায় তাদের অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘর থেকে কী পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মাঝে ঘটনার পেছনের রহস্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button