আইন-আদালত

ডাক্তার’ পদবী ব্যবহারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত

মন্ত্রণালয়ের নির্দেশনা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি

নিজস্ব প্রতিবেদক, তৃণমূলের কথা, ঢাকা,  প্রকাশ ২৮ ডিসেম্বর।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কোনো বিকল্প চিকিৎসার সাথে জড়িতদের নামের আগে ‘ডাক্তার’ পদবী ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে এই নির্দেশনা কেন আইনবহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।

বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো. মনজুর আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সম্প্রতি এই আদেশ দেন।

ঘটনার প্রেক্ষাপট:

গত ১০ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহর স্বাক্ষরে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কোনো পেশাজীবীরা (হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানি) নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবেন না।

আদালতে চ্যালেঞ্জ:

মন্ত্রণালয়ের এই নির্দেশনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নং- ৯৪৮৮০/২০২৫) দায়ের করেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নুরুজ্জামান।

আবেদনকারীদের যুক্তি:

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে ‘হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩’ অনুযায়ী এই চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে এবং ওই আইনের ২(১৩) ধারা অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার আইনসিদ্ধ। আবেদনকারীরা দাবি করেন, মন্ত্রণালয় যে রিট পিটিশনের (নং-২৭৩০/২০১৩ ও ১৩০৪৬/২০১৪) দোহাই দিয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে, তা এখনো আপিল বিভাগে বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত রায় হওয়ার আগেই এমন নিষেধাজ্ঞা প্রদান আদালত অবমাননার শামিল।

শুনানিতে বাদী পক্ষে অংশ নেন ব্যারিস্টার আশিকুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।

হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত হোমিওপ্যাথিকসহ বিকল্প ধারার চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবী ব্যবহারে কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


তৃণমূলের কথা — নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে সচেষ্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button