আমাদের টাংগাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কৃষক শ্রমিক জনতা লীগের

অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ না থাকায় তথাকথিত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত— জানালেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

ডেস্ক রিপোর্ট | টাংগাইল | শনিবার | ২৭ ডিসেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম।দলটি সবসময় গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী। তবে বর্তমান প্রেক্ষাপটে যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়া প্রয়োজন, সেখানে এখনও বহু পক্ষকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন ঘিরে তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে না।

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার জানান, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে না হয়ে বিতর্কিত ও পাতানো রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ‘২৪-এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন ঘটে। দেশবাসীর প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।

তবে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার এখনো সকল পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো নির্বাচনের সময় সরকারি অনুমোদনে অস্ত্র ব্যবহারের সুযোগ দিয়ে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে।

এমন বাস্তবতায় গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button