শিশুদের টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় উদ্বেগ
গবেষণার দাবি: বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও)।
রোববার (২৬ জুলাই) রাজধানীতে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক বছরব্যাপী পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে মেডিপ্লাস ফ্লুরাইড জেল’-এ সবচেয়ে বেশি, প্রতি ১০০ গ্রামে ৩২০টি কণা পাওয়া গেছে।
এসডিও জানায়, গবেষণার অংশ হিসেবে দেশের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ পরিচালনা করা হয়। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টেরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (FTIR) স্পেকট্রোস্কোপি প্রযুক্তির মাধ্যমে টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়।
গবেষণায় দেখা গেছে, পরীক্ষাধীন ২৫টি দেশীয় টুথপেস্টের মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।
এছাড়া ভারতের পাঁচটি ব্র্যান্ডের মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুটি ব্র্যান্ডের মধ্যে একটিতে এবং ভিয়েতনামের দুটি ব্র্যান্ডের উভয়টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১০০ গ্রামে মেডিপ্লাস ফ্লুরাইড জেল-এ ৩২০টি, ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশ-এ ১৬০টি করে, কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)-তে ১৪০টি, সিগন্যাল গ্রিন টি-তে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ার-এ ১০০টি করে এবং সেনসোডাইন ফ্রেশ মিন্ট-এ ৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।
শিশুদের টুথপেস্টের মধ্যে কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা-তে ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরি-তে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জ-এ ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জ-এ ২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
তবে গবেষণায় জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি-তে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এছাড়া শিশুদের জন্য আমদানি করা কোডোমো অরেঞ্জ টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গবেষণাটি একটি বেসরকারি গবেষণা সংস্থার দাবি। সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



