স্বাস্থ্য

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া জাতিকে সুস্থ রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিপসমে গবেষণা কার্যক্রমের ফল প্রকাশ অনুষ্ঠানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তৃণমূল ২৪ ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬

দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না করলে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে আয়োজিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গবেষণা শুধু প্রতিবেদন বা খাতা-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না। গবেষণার ফল বাস্তবে কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শিশুদের অপুষ্টির কারণে নানা ধরনের রোগ বাড়ছে। অনেক শিশু প্রয়োজনীয় সময় পর্যন্ত মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে তারা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। পাশাপাশি ফাস্টফুডের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চিকিৎসা একটি অত্যন্ত সম্মানজনক ও মানবসেবামূলক পেশা। রোগীদের প্রতি আন্তরিক হতে হবে, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্যখাতে বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। গবেষণা কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button