ছুরিকাঘাতে তরুণ সেনা কর্মকর্তা নিহত
ডাকাত সদস্যদের তাড়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।


কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে গভীর রাতে ডাকাতির খবরে ছুটে যায় সেনাবাহিনীর একটি টহল দল। এসময় ডাকাত সদস্যদের তাড়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, ২৩ সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পাওয়া যায়। এসময় চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সংস্থাটি জানায়, আনুমানিক রাত ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



