জাতীয়
Trending

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও তুলে ধরেন স্পিকার।

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬

চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে চিকিৎসা শেষ হওয়ায় তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন বলে জানিয়েছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছুই জানেন না।

তিনি বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।”

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।

তিনি আরও বলেন, সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ এবং তা তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে চলমান আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি। তিনি কী করবেন বা করবেন না, সেটা আমি জানি না। এটি অনুমাননির্ভর বিষয়।”

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার ২৬ তারিখে ফেরার কথা ছিল। ব্যক্তিগত চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হয়ে যাওয়ায় আগেই দেশে ফিরে এসেছি।”

সংবিধানে যা বলা হয়েছে

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নিজের স্বাক্ষরযুক্ত লিখিত পত্রের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

এ ছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button