সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

তৃণমূল ২৪ ডেস্ক | প্রকাশিত: ১ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ একটি সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে প্রায় এক ঘণ্টা স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা যাচাই শেষে স্টেশনটি পুনরায় চালু করা হয়। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটির ফেসবুক গ্রুপ ও পেজে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় স্টেশনে অবস্থানরত যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে মেট্রোরেলের ট্রেনগুলো মিরপুর-১০ স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে চলাচল করে।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিক তদন্তে এটি বিস্ফোরক নয় বলে নিশ্চিত হওয়া যায়।
পরে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা এলাকা নিরাপদ ঘোষণা করলে দুপুর ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।



