প্রযুক্তি

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আসছে বিকাশ, স্বস্তিতে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররা

পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে দেখা গেছে নতুন পেমেন্ট অপশন; ভবিষ্যতে আন্তর্জাতিক কার্ড ছাড়াই স্থানীয়ভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ মিলতে পারে।

তৃণমূল 24| তথ্য প্রযুক্তি  ডেস্ক| আগস্ট ৭:

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটারদের জন্য সুখবর নিয়ে আসছে মেটা। খুব শিগগিরই ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ব্যবহারের সুযোগ চালু হতে পারে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই পেমেন্ট অপশন দেখা গেছে।

জানা গেছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ‘Payment Method’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল সফলভাবে পরিশোধ করতে পেরেছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন।

এতদিন বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন চালাতে আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার বাধ্যতামূলক ছিল। ডুয়াল কারেন্সি চালু করা, ব্যাংকের অনুমোদন নেওয়া এবং আন্তর্জাতিক কার্ড ব্যবহারের জটিলতায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন কনটেন্ট নির্মাতারা সমস্যায় পড়তেন।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিকাশ যুক্ত হলে এই জটিলতা অনেকটাই কমে যাবে। স্থানীয়ভাবে সহজে বিজ্ঞাপনের বিল পরিশোধ করা সম্ভব হলে অনলাইন ব্যবসা, এফ-কমার্স, কনটেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিং আরও গতিশীল হবে।

সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন—ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী, এফ-কমার্স উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটিং এজেন্সী, ফ্রিল্যান্সার স্টার্টআপ প্রতিষ্ঠান

তবে বর্তমানে এই সুবিধা সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা, মেটা নতুন কোনো পেমেন্ট ব্যবস্থা চালুর আগে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে পরীক্ষা চালিয়ে থাকে। ফলাফল ইতিবাচক হলে ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

এখন পর্যন্ত মেটা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে কবে নাগাদ ফিচারটি সব বাংলাদেশি ব্যবহারকারীর জন্য চালু হবে, তা নিশ্চিত নয়। তবে পরীক্ষামূলক পর্যায়ে বিকাশের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের বিকল্প হিসেবে স্থানীয় এই মোবাইল আর্থিক সেবাই হতে পারে ফেসবুক বিজ্ঞাপনের নতুন পেমেন্ট মাধ্যম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button