সুমন রেজার গোলে শিরোপা জিতল টাঙ্গাইল সদর
ফাইনালে ১-০ গোলে গোপালপুরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ট্রফি ঘরে তুলল সদর উপজেলা।

তৃণমূল ২৪ ডেস্ক | টাঙ্গাইল | প্রকাশিত: ১ আগস্ট ২০২৬
টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে টাঙ্গাইল সদর উপজেলা দল। ফাইনালে সুমন রেজার করা একমাত্র গোলে গোপালপুর উপজেলা দলকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলা।
শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ দেখতে প্রায় ৩০ হাজার দর্শকের সমাগম ঘটে। স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গ্যালারিতে জায়গা না পেয়ে অসংখ্য দর্শক মাঠের চারপাশে অবস্থান নিয়ে খেলা উপভোগ করেন।

খেলার প্রথমার্ধে উভয় দলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগ দেয়। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও প্রথম ৪৫ মিনিটে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি হয়নি।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ানের সমন্বিত আক্রমণে সদর উপজেলা দল বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে।
ম্যাচের ৫৮তম মিনিটে গোপালপুরের ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
গোল হজমের পর গোপালপুর উপজেলা দল সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায়। রবিউল, মামুন ও স্যামুয়েলের কয়েকটি আক্রমণ টাঙ্গাইল সদরের গোলরক্ষক মজনুর দৃঢ় নৈপুণ্যে ব্যর্থ হয়।
টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার অধিনায়ক সুমন রেজা সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোপালপুর উপজেলার মারুফ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি টাঙ্গাইল স্টেডিয়ামের দক্ষিণ পাশের গ্যালারি সংস্কার এবং সংলগ্ন পুকুরকে আধুনিক সুইমিং পুলে রূপান্তরের ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং টাঙ্গাইল জিমনেসিয়াম খেলাধুলার জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ প্রশাসন, ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।



