ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে বঙ্গভবনে প্রথম কর্মদিবস
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে এসে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

তৃণমূল ২৪ ডেস্ক |প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে সরকারি কার্যক্রমে অংশ নেন।
বেলা সোয়া ১১টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২–এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম বঙ্গভবনের অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম, চলমান দাপ্তরিক বিষয় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটি ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক উপস্থিতি।



