টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র জমা; গড়তে চান চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ‘মডেল টাউন’ ।
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ; ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টাঙ্গাইলবাসীর দোয়া চাইলেন টুকু।

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল | তৃণমূলের কথা
টাঙ্গাইল: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সুলতান সালাউদ্দিন টুকুর সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খ. আহমদুল হক শাতিল।
মনোনয়নপত্র জমা দান শেষে সুলতান সালাউদ্দিন টুকু মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি তাঁর বক্তব্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টাঙ্গাইল সদরের জনগণের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমি এই টাঙ্গাইলেরই সন্তান। টাঙ্গাইল সদরের আপামর জনগণের দোয়া নিয়ে আমি আগামী নির্বাচনে অংশ নিচ্ছি। মহান আল্লাহ যদি আমাকে কবুল করেন, তবে আমি টাঙ্গাইলবাসীকে দেওয়া আমার প্রতিশ্রুতি রক্ষা করব। এই টাঙ্গাইলকে আমি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং একটি নিরাপদ উন্নয়নের ‘মডেল টাউন’ হিসেবে গড়ে তুলব।”
নিজের ব্যক্তিগত অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, স্বজ্ঞানে আমি কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে মিলেমিশে একটি আদর্শিক টাঙ্গাইল গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদরবাসীকে তাদের মূল্যবান রায়ের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান এবং সদরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



